নরসিংদীতে মাল্টিপারপাস
সমিতির প্রতারণা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:০৪
অবৈধভাবে ব্যাংকিং ও গ্রাহকের সঙ্গে প্রতারণা করায় আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার নরসিংদী থানা পুলিশ স্থানীয় শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, কাজী রাশেদ হাসানসহ ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। সরকারি অনুমোদন ছাড়াই আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় অফিস স্থাপন করে ৪ বছর ধরে জনগণের মধ্যে টাকা লগ্নি করছে। গত ৪ বছরে তারা নরসিংদীর সহস্রাধিক লোকের নিকট থেকে কমবেশি ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত্ করেছে। নরসিংদী সমবায় সমিতির সহকারী মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া তরুণ জানান, আল-আকছা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বৈধ কোন কাগজপত্র নেই। রেজিস্ট্রেশন করার জন্য তাদেরকে একাধিক বার নোটিস করা হয়েছে। কিন্তু তারা কোন কর্ণপাত করেনি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত দের আদালতে সোপর্দ করে তাদের রিমান্ড দাবি করলে বিজ্ঞ আদালত আসামিদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।