চৌমুহনী পৌর আওয়ামী লীগ সম্মেলন

সম্ভাব্য প্রার্থীরা লবিংয়ে ব্যস্ত

দশ বছর পর চৌমুহনী পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতেই সভাপতি, সাধারণ সম্পাদক পদে অর্ধডজন করে প্রার্থীর নাম শোনা যাচ্ছে। যেহেতু বেগমগঞ্জে গ্রুপিং বিদ্যমান, সেহেতু অনুমিত হচ্ছে চৌমুহনী পৌর সম্মেলন জমে উঠবে। প্রকাশ, চৌমুহনী প্রথম শ্রেণির পৌরসভা হওয়ায় রাজনৈতিক বিবেচনায় এখানকার গুরুত্ব অনেক। তাছাড়া একসময় বৃহত্তর নোয়াখালী জেলার রাজনীতি চৌমুহনী থেকে নিয়ন্ত্রিত হতো। বেগমগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি ত্রিধারায় বিভক্ত। এর প্রভাব যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনে স্পষ্ট। সম্প্রতি উপজেলার ১৬টি ইউনিয়নের ও চৌমুহনী পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি/ সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সবস্থানেই কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও গ্রুপিং রাজনীতি অনুপস্থিত ছিল না। স্থানীয় একাধিক নেতা জানান, ২০০৩ সালে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘ এক দশক গ্রুপিং রাজনীতির কবলে পড়ে সম্মেলন হয়নি। চৌমুহনী আওয়ামী লীগের সম্মেলনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও। এরই মধ্যে সম্ভাব্য সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থিগণদের দোয়া কামনা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ব্যানার , পোস্টারে এলাকা ভরে গেছে। উল্লেখ্য, পৗর কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে সব সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে তারা হলেন-সভাপতি পদে ছাইদুল হক ছাদু, সাহাব উদ্দিন কাজল, মাহফুজুল হক বেলাল, ফজলুর রহমান, মোহাম্মদ উল্যা, আকতার হোসেন ফয়সাল, শেখ শহীদ। সাধারণ সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক টিপু, বেলায়েত হোসেন বেলাল, কাজী আনোয়ারুল আমিন (তুহিন), মাহবুবুল হক আজাদ, মহিন ও মুজিবুর রহমান বাচ্চু। বর্তমান কমিটির সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন কাজল দু ‘জনেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে।