নতুন অতিথির অপেক্ষায় তাহসান-মিথিলা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:১৩
ঘরে নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন তাহসান-মিথিলা দম্পতি। আর এই প্রস্তুতির জন্য অনেক আগেই নিজের টিভি প্রোগ্রাম, গানের রেকর্ডিংসহ সব শিডিউল বাতিল করেছেন মিথিলা। সর্বশেষ এই দম্পতির উপস্থাপনায় চ্যানেল টুয়েন্টিফোরে ‘হানিমুন’ নামে নবদম্পতির একটি অনুষ্ঠান প্রচার হতো। কিন্তু অনাগত সন্তানের পরিচর্যার কথা ভেবেই তারা দুজনেই অনুষ্ঠান উপস্থাপনা থেকে বিরত থেকেছেন। তাদের জায়গায় পরবর্তীতে কয়েকপর্ব উপস্থাপনা করেছেন নাদিয়া- শিমুল দম্পতি। এদিকে তাহসান কয়েক মাস আগে একটি সুফী ব্যান্ডদলের ঘোষণা দিলেও মাত্র একটি স্টেজ শো করার পরই তার কার্যক্রম থেমে থাকে। তার নতুন কোনো কনসার্টের খবরও পাওয়া যায়নি। এর পাশাপাশি ইফতেখার হোসেন ফাহমীর পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’-এ পূর্ণিমার বিপরীতে তাহসান অভিনয় করলেও মাঝপথে ছবিটির কাজ বন্ধ থাকলে এ যাত্রায়ও প্রায় দীর্ঘদিনের বিরতি পড়ে। তবে তাহসান ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই ‘টু বি কন্টিনিউড’ ছবিটির কাজ আবার শুরু হচ্ছে। অনাগত সন্তানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন এই দম্পতি।