চলচ্চিত্রে ‘প্রমাণিত’ ইমন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:১৩
একের পর এক নতুন চলচ্চিত্রে কাজ করে চলেছেন ইমন। দর্শকদের কাছেও ইমন গ্রহণযোগ্যতা পেয়েছেন ভালোভাবে। ‘লালটিপ’ ছবির পর একাধিক বিজ্ঞাপনে কাজ করে আরও বেশি আলোচনায় আসেন ইমন। পরিচালকরাও ইমনকে নিয়ে এখন অনেক বেশি স্বতঃস্ফূর্ত। ইমনকে কাস্ট করে এখন অনেক পরিচালকই চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করছেন। চলচ্চিত্র শিল্পে ইমন এখন অনেকটাই প্রমাণিত হিরো। সম্প্রতি তিনি ‘জোনাকির আলো’ ছবির শুটিং শেষ করলেন, আবার শুরু করলেন ‘পদ্ম পাতার জল’ ছবির শুটিং। এই ছবিরও প্রথম লটের কাজ শেষ করেছেন তিনি। ইমন বলেন, ‘অনেকগুলো ছবিতে এখন কাজ করছি। আর যে ক’টিতে কাজ করছি তার সবকটিই ভালো বাজেটের ছবি। ঈদের আগে সাদেক সিদ্দিকীর ‘শিউলিমণি’ চলচ্চিত্রে কাজ করেছিলাম, তিনিও আমার কাজে অনেক সন্তুষ্ট তাই সম্প্রতি আমাকে তার নতুন ছবি ‘হূদয়ে ৭১’-এ কাস্ট করেছেন। এতে আমার বিপরীতে কাজ করবেন রোমানা। আবার নতুন করে রাজু আহমেদের ‘তবুও তুমি আমার’ চলচ্চিত্রে চুক্তি হলাম। এতে আমার বিপরীতে থাকছেন নিপুণ। ১৫ তারিখে এটার মহরত হবে। আর এইতো ভালোই চলছে চলচ্চিত্রের ব্যস্ততা।’