চৌগাছায় সন্ত্রাসীদের হাতে মত্স্যজীবী প্রহূত

সরকারি বাঁওড়ের কোমরে শেয়ার না দেয়ায় দুই মত্স্যজীবীকে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছায়। জানা গেছে, বাঁওড় মত্স্য প্রকল্পের আওতায় চাষকৃত যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ে ১০ ডিসেম্বর থেকে মত্স্য আহরণ (ফিশিং) শুরু হয়। ফিশিং শুরুর দিন থেকেই আওয়ামী লীগ ক্যাডাররা একের পর এক মাছ লুট করতে থাকে। মাছ লুট ঠেকাতে মোতায়ন করা হয় র্যাব-পুলিশ। র্যাব-পুলিশ মোতায়েন থাকা অবস্থায় শুক্রবার বাঁওড়ের কোমর থেকে মাছ ফিশিংয়ের প্রস্তুতিকালে উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের আওয়ামী লীগ দলীয় চিহ্নিত সন্ত্রাসী মিলন ও আক্তার মত্স্যজীবীদের কাছে কোমরের শেয়ার দেয়ার দাবি জানায়। মত্স্যজীবীরা দাবি প্রত্যাখ্যান করায় সন্ত্রাসীরা মত্স্যজীবী খলিল ও মহসিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। এদিকে শনিবার সকালে মত্স্য আহরণ শুরু হলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা র্যাব সদস্যদের সাথে উল্লেখিত সন্ত্রাসীদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। এমনকি সন্ত্রাসী মিলন ও আক্তার দুপুরে র্যাব সদস্যদের গাড়িতে এসে শহরের চৌগাছা হোটেলে খাওয়া দাওয়া করে। এ ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক বাঁওড়ের একজন কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা গত কয়েকদিন থেকেই মোবাইলে বাঁওড়ের মত্স্যজীবীসহ কর্মকর্তা-কর্মচারীদের হত্যা ও নির্যাতনের হুমকি দিচ্ছে। বারবার প্রশাসনকে এ ঘটনা জানানো সত্ত্বেও কোন কাজ হচ্ছে না।