রায়পুরের কলেজে পিঠা উত্সব

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার শিক্ষার্থীরা পিঠা উত্সব করেছে। কলেজ ক্যাম্পাসে ২০টি স্টলে দেশীয় ২০০ রকমের নানা নকশা পিঠার সমারোহ দেখা যায়। সকাল ৯টায় কলেজের চেয়ারম্যান কাজী মো. নূরুল ইসলাম ফারুকী উত্সবের উদ্বোধন করেন। একাদশ শ্রেণীর ছাত্র রাকিব হোসেন ও অষ্টম শ্রেণীর ছাত্রী মাসুমা রহমান জানায়, দেশীয় পিঠার ঐতিহ্য তুলে ধরতে আমাদের এ আয়োজন। এখন সমাজের তরুণ-তরুণীরা মাদকাসক্তসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সামাজিক কর্মকাণ্ড না থাকায় এমনটি হচ্ছে। নতুন প্রজন্মকে উত্সাহিত করতে পিঠা উত্সবসহ দেশীয় সংস্কৃতির ওপর জোর দিতে হবে। পরে কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়। কলেজের অধ্যক্ষ মোতাসিম বিল্ল¬াহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল মজুমদার ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর।