আরো ভালো খেলার প্রত্যয় হিউজের

আরো ভালো খেলার স্বপ্নের কথা জানালেন অস্ট্রেলিয়ার ওপেনার ফিল হিউজ। আজ রবিবার অ্যাডিলেডে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আরো একটি সেঞ্চুরি করার জন্য মুখিয়ে আছেন তিনি। বাঁ-হাতি এই ওপেনার গত শুক্রবার মেলবোর্নে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয় পেতে সহায়তা করেন। প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি পেলেন তিনি। হিউজ প্রথম ম্যাচে ১১২ রান করেন ১২৯ বলের মোকাবেলায় ১৪টি চারের সৌজন্যে। মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড বিহীন অস্ট্রেলিয়া ১০৭ রানে হারায় সফরকারী শ্রীলংকাকে। গোটা ক্রিকেট ইতিহাসে হিউজ অষ্টম খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরি পান। তিনি বলেন,‘আমার আগে অনেক গ্রেট খেলোয়াড় এমনটি করেছে। আত্মবিশ্বাস তুঙ্গে। আমি আসলেই অপেক্ষা করতে পারছি না রবিবারের জন্য। আশা করি আরো একটি বড় সংগ্রহ করতে পারবো এবং জয় আসবে।’ জর্জ বেইলির নের্তৃত্বে থাকা অস্ট্রেলিয়ার এই দলটি ‘বি’ দলের তকমা পেয়েছে। ইনজুরির জন্য ছিলেন না অলরাউন্ডার শেন ওয়াটসনও। হিউজ ছাড়াও গত ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল ওপেনিং ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও উসমান খাজার। ম্যাচের আগে অধিনায়ক জর্জ বেইলি বলেন, ‘গত ম্যাচে খেলা অনেকেই আজ ম্যাচে থাকবেন না। তাই বিশ্রামে থাকা দলের মূল খেলায়াড়রা আজ খেলবেন। দলীয় সক্ষমতা দিয়ে সকল সমালোচনার জবাব দেয়া সব সময়ই আনন্দের। আজও জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’ অস্ট্রেলিয়া দলে আরো একজন ইনজুরি আক্রান্ত। কাফ ইনজুরির জন্য বাঁ-হাতি পেসার মিশেল স্টার্ক খেলতে পারছেন না। ফলে বেন কাটিং বা কেন রিচার্ডসনের দরজা খুলে গেল। বেন কাটিংয়ের খেলার সম্ভাবনাই বেশি। শ্রীলংকান দলের দিনেশ চান্দিমাল হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। ফলে কুশাল পেরেরাকে দেখা যেতে পারে দলে। বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথও দলে ডাক পেতে পারেন। কারণ অজন্তা মেন্ডিস প্রথম ম্যাচে ৬২ রান দিয়ে এক উইকেট নেন। অ্যাডিলেডের উইকেট শুষ্কই থাকবে। তবে স্পিনাররা ভাল করবেন ম্যাচ যত গড়াবে। অ্যাডিলেডে আগের দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা একবার করে জয় পেয়েছে। গত বছরের মার্চে সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নেয়। প্রথম ম্যাচ ১০৭ রানে হেরে সিরিজে পিছিয়ে যাওয়া লংকান দল আজ নিজেদের সেরাটা মেলে ধরতে চায়। আগের ম্যাচের ব্যর্থতা মুছে নতুন করে শুরু করার কথা জানালেন দলের কোচ গ্রাহাম ফোর্ড। তিনি বলেন, ‘শেষ ম্যাচে আমরা যেমন খেলেছি সেটা আমাদের আসল পরিচয় নয়। সামনের ম্যাচে আমাদের ফিরে আসতে হবে। দেখাতে হবে আমরা কতোটা ভালো খেলতে পারি। তাই ম্যাচটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।’