জোড়া ‘মহারণ’ আজ ইংল্যান্ডে
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:২৮
ইংলিশ ফুটবলে জায়ান্টের লড়াই আজ। ঐতিহ্যবাহী দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল আজ রবিবার বিকালে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল এই দুটি ক্লাব। প্রভাবশালী ম্যানইউ ও লিভারপুলের তীব্র প্রতিদ্বন্দিতা ছুঁয়ে যায় প্রতিটি ফুটবল রোমান্টিককে। এক সময় শিরোপা লড়াই বলতেই ম্যানইউ বা লিভারপুলকে ধরে নিতো। কিন্তু সম্প্রতি লিভারপুলের জৌলুস হারিয়েছে অনেকটাই, অন্যদিকে প্রিমিয়ার লিগ ফুটবলে দুর্বার রেড ডেভিলসরা। আরো একটি শিরোপা জয়ের দিকে ধেয়ে চলেছে তারা। অন্যদিকে স্বাগতিক আর্সেনাল আজ এমিরেটস স্টেডিয়ামে মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। গানারদের মাঠ থেকে জয় ছিনিয়ে আনাটা হবে বড় চ্যালেঞ্জ রবার্তো মানচিনির দলের।
প্রিমিয়ার লিগ ফুটবলে ২১ রাউন্ডের খেলা শেষে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানইউ। ম্যানসিটি ৪৫ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। লিভারপুল সেখানে আটে অবস্থান করছে ৩১ পয়েন্ট অর্জন করে। এক ম্যাচ কম খেলে আর্সেন ওয়েঙ্গারের দল ছয়ে ৩৪ পয়েন্ট তুলে নিয়ে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দুই দলের সমর্থকদের উত্তেজনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং মাঠে খেলোয়াড়দের দুর্দান্ত লড়াইয়ের ঘটনা এই দলের লড়াইয়ে দেখা যায়। পয়েন্ট টেবিলের পরিসংখ্যান বলে দিচ্ছে লিভারপুলের শিরোপা লড়াইয়ে ফিরে আসার সম্ভাবনা অনেকটাই ফিকে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে লিভারপুল-ম্যানইউ মানে সমানে সমান! সর্বশেষ পাঁচবারের লড়াইয়ে সমান দুটিতে ম্যানইউ ও লিভারপুল জয় পেয়েছে এবং একটি ম্যাচ হয়েছে ড্র। যদিও প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সর্বশেষ লড়াইটি হয়েছিল গত বছর সেপ্টেম্বরে। অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুল হেরে গিয়েছিল ১-২ গোলে।
ম্যানইউ দুই মৌসুম আগে ১৯তম লিগ শিরোপা জিতে নেয়। রেড ডেভিলসরা সর্বোচ্চ শিরোপাধারী। লিভারপুল সেখানে জয় করেছে ১৮টি। লিভারপুল সর্বশেষ লিগ শিরোপা জয় করেছে ১৯৮৯-৯০ মৌসুমে। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে লিভারপুলের আধিপত্য ছিল। প্রিমিয়ার লিগ যুগে শিরোপার দেখা পায়নি অলরেডরা।
সম্প্রতি মুখোমুখিতে এগিয়ে রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে আটবারের মোকাবেলায় সাতবার জিতেছে ম্যানইউ। তবে আজ অ্যালেক্স ফার্গুসনের দলে নেই স্ট্রাইকার ওয়েইন রুনি। হাঁটুর ইনজুরির জন্য খেলতে পারছেন না তিনি। তবে ফার্গুসন জানান, উইঙ্গার ন্যানি ও মিডফিল্ডার অ্যান্ডারসন দলে প্রবেশ করেছেন। রুনি আগামী বুধবার ওয়েস্টহ্যামের ম্যাচে খেলতে পারেন। ফার্গুসন লিভারপুলের বিপক্ষে সবসময় সমান মানসিকতায় বিশ্বাস করেন। তিনি বলেন, ‘লিভারপুলের বিপক্ষে ডার্বি ম্যাচটি কখনই বদলায় না। এটা সব সময় গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড আবেগের ম্যাচ।’ ম্যানইউ ও লিভারপুলের দ্বৈরথের মাঝে লড়াইটা লুইস সুয়ারেজ ও রবিন ফন পার্সিরও। পার্সি (১৬) সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগে এবং সুয়ারেজ করেছেন ১৫টি।
লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্সের অধীনে ২১ ম্যাচে আটটিতে জয় পেয়েছে। হতাশাজনক মৌসুম দলটির। ইনজুরি তো আক্রমণ করেছেই। ফ্যাবিও বোরিনিকে নিয়ে রয়েছে সংশয়। এদিকে জোসে এনরিক এবং মার্টিন কেলি সাইডলাইনে রয়েছেন।
আর্সেনাল বাধা অতিক্রম করতে মানচিনি মরিয়া হয়ে রয়েছেন। লিগ ম্যাচে ৩৭ বছর আর্সেনালকে তাদের মাঠে হারাতে পারেনি সিটি। সর্বশেষ গত বছরের এপ্রিলে এমিরেটস স্টেডিয়াম থেকে ১-০ গোলে হেরেছিল মানচিনির দল। মানচিনি বলেন, ‘লন্ডনে আর্সেনালের বিপক্ষে খেলাটা খুবই কঠিন। কারণ তারা খুবই ভাল খেলে। অনেক বছর আমরা এখানে জিততে পারিনি। কিন্তু গত বছর আমরা অনেক কিছু বদলেছি। সময় এসেছে এই পরিস্থিতি বদলে দেয়ার।’ সিটির জন্য আজকের ম্যাচটি চ্যালেঞ্জের। কারণ আর্জেন্টিনার সিটি তারকা সার্জিও অ্যাগুয়েরো হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দলে নেই। সাবেক আর্সেনাল তারকা সামির নাসরি নিষিদ্ধ আছেন এবং ইয়ায়া এবং কোলো তোরে আফ্রিকান নেশন্স কাপ খেলতে আইভরি কোস্টের দায়িত্ব পালন করতে গেছেন।
আজকের ম্যাচ
ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল
আর্সেনাল-ম্যানচেস্টার সিটি