বোলারদের দুষলেন ভারতীয় অধিনায়ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:২৯
রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৯ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক ভারত। আর ম্যাচ শেষে দলের বোলারদের বাজে পারফরমেন্সের কথা বললেন ধোনি। আর আক্ষেপের সুরেই ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি বললেন আরো দুই ওভার ব্যাট করতে পারলে ম্যাচের ফলাফল হয়ত পরিবর্তিত হতে পারত।
ম্যাচে প্রথমে ব্যাটিং থেকে ইংল্যান্ড টপ অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ৪ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করার পরে ভারত ৯ উইকেটে ৩১৬ রান করে ইনিংস শেষ করে। সব মিলিয়ে ম্যাচে ৬০০’র উপরে রান হলেও ধোনি মনে করেন এটা মূলত ২৮০-২৯০ রান করার উইকেট। এখানে ৩২৫ রান হওয়াটা স্বাভাবিক নয়। তবে প্রতিপক্ষের বিশাল রান সত্ত্বেও ভারত যেভাবে ইনিংস শুরু করেছিল তাতে অধিনায়ক স্বস্তি অনুভব করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানতাম গতকালকের ম্যাচটা পুরোটাই বোলারদের উপর এসে পড়বে। শেষ কয়েক ওভারে আমরা খুব বেশী রান দিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপরও আমাদের শুরুটা দারুণ হয়েছিল এবং প্রায় সব ব্যাটসম্যানই আজ রান পেয়েছে। যেভাবে আমরা ব্যাট করেছি তাতে আমি খুশী। উইকেট হাতে রেখে খেলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা জানতাম যেহেতু পাঁচজন ফিল্ডার বৃত্তের মধ্যে থাকে তাই শেষ ১০ ওভার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঐ সময়ে খুব সহজেই বোলারদের উপর চাপ সৃষ্টি করা যায়। আমি এখনও মনে করি যদি আরো দুই ওভার ব্যাট করতে পারতাম তবে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারত। রাজকোটের অন্যান্য উইকেটের মতই এটাও নি:সন্দেহে একেবারেই ফ্ল্যাট ট্র্যাক ছিল। কিন্তু আউটফিল্ড ছিল খুবই দ্রুতগতির। একবার যদি খালি জায়গায় বল ফেলা যায় তবে সেটা বাউন্ডারি হয়ে যাচ্ছিল। সাধারণত এ ধরনের ভাল মাঠে ২৭০-২৮০ রান হয়ে থাকে।’
পাকিস্তানের বিপক্ষে দিল্ল¬ীতে অভিষেক ম্যাচে তরুণ পেসার শামি আহমেদ ভাল বোলিং করার পরেও গতকালকের ম্যাচে অশোক দিন্দাকে দলে নেবার ব্যাপারে ধোনি বলেন, নয়া দিল্লীতে যে ম্যাচে সে খেলেছিল সেখানকার উইকেট সাধারণত পেস সহায়ক ছিল। কিন্তু আমাদের দেখতে হবে যে উইকেট পেসারদের সহায়তা করে না সেখানে শামির মত নতুন বোলাররা কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এই কারণেই আমরা ডিনডাকে বেছে নিয়েছি। কারণ সে অভিজ্ঞ এবং সময়মত সে দারুণ কিছু ইয়র্কার দিতে পারে।
শ্বাসরুদ্ধকর এ জয়ের পরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন এ জয় দলের প্রতিটি খেলোয়াড়কে গর্বিত করেছে। তিনি বলেন,‘অবশ্যই এটা দারুণ একটা জয়। (এমন একটা জয়ের পরে) ড্রেসিংরুমের প্রত্যেকেই নিজেকে নিয়ে গর্ব করতে পারে।’
এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের পরের ম্যাচ আগামী মঙ্গলবারে কোচিতে অনুষ্ঠিত হবে।- বাসস