শেষ পর্যন্ত জয়ের দেখা পেল ব্রাদার্স

হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্রাদার্স অবশেষে ২-০ গোলে আরামবাগকে হারিয়ে পেশাদার লিগে প্রথম জয়ের দেখা পেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল খেলাটির পর হাফ ছেড়ে বাঁচেন টানা ছয় ম্যাচ হেরে মুখ দেখাতে না পারা ব্রাদার্স কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা। এ জয়ের পর দলটি রেলিগশেন থেকে বাঁচতে মাঠে নামবে। লিগে নিজেদের সপ্তম ম্যাচে পাওয়া প্রথম জয়ের পর তিন পয়েন্ট পেয়ে তারা সকার ক্লাব এবং আরামবাগের সমকক্ষ হলো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্রেসিয়া এন্ডারসন ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রাদার্সকে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মুহুর্তে ইনজুরি টাইমে অযথা ফাউল করে লালকার্ড পান ব্রাদার্সের আশরাফুল। ১০ জন নিয়েও দলটি ৬০ মিনিটে কিংসলের গোলে ব্যবধান ২-০ করতে সক্ষম হয়। প্রথম পর্বে ব্রাদার্সের শেষ ম্যাচ শেখ জামালের বিরুদ্ধে। ফিকশ্চার অনুযায়ি আজ থেকে বুধবার পর্যন্ত পেশাদার ফুটবলের কোনো খেলা নেই। বৃহস্পতিবার আরামবাগ ও বিজেএমসি মুখোমুখি হবে।