জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন ভাড়া
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। ফলে পরিবহনের ভাড়াও যে বৃদ্ধি পাবে সেটা নিশ্চিত। কিন্তু যে হারে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে সে হারে কি পরিবহন ভাড়া বাড়াবে? এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া বড় কঠিন এ দেশে। পরিবহন মালিকরা কখনোই সরকারের বেঁধে দেয়া ভাড়ায় চলেনি। এবার তারা তাদের ইচ্ছামতো ভাড়া বাড়াবে যে, তা আর বলার অপেক্ষা রাখে না। সরকার জ্বালানি তেলের সমন্বয় করতেই দাম বাড়িয়েছে। কিন্তু দেশের মানুষ সরকারের দেশ পরিচালনার ব্যর্থতার দায়ভার আর কতটা মেনে নিবে? জ্বালানি তেলের সাথে সাথে পরিবহন, বিদ্যুত্ এবং কৃষি উত্পাদনের মূল্য বেড়ে যায়।
কৃষিপণ্য পরিবহনের খরচ বাড়াতে কাঁচা বাজারেও এখন আগুন লাগবে। তাতে করে দেশের মূল্যস্ফীতি বেড়ে যাবে। অপরদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ঘটলেও তার সাথে সিএনজিচালিত গাড়ির ভাড়াও বৃদ্ধি করা হয় অনৈতিকভাবে। সেটা যাতে না করতে পারে তার জন্য সরকারকে নিতে হবে কঠোর ব্যবস্থা। সাধারণ মানুষের যেন আর কোন নিস্তার নেই। এবার জ্বালানির দাম বাড়ানো হলো। তারপর আবার আসবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সময়। তাহলে মানুষ এখন যাবে কোথায়?
মো. আব্দুল হাকিম
বিনোদপুর,পঞ্চসার,মুন্সীগঞ্জ