আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব শুরু ১৯ জানুয়ারি

শনিবার এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, শিশুদের নির্মিত চলচ্চিত্র আগামীতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আনতে উল্লে¬খযোগ্য ভূমিকা রাখবে। তারা বলেন, এ উত্সব শুধু বিনোদন নয়, এর মাধ্যমে শিশুরা মেধার উন্মেষ ঘটিয়ে মানবিকবোধ নিয়ে বেড়ে উঠবে। রাজধানীর সেগুনবাগিচাস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। দেশের শিশুদের মেধা ও সৃজনশীলতায় যেসব ছবি নির্মিত হয়েছে তাতে তাদের স্বপ্নের প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বক্তারা। তারা এ উত্সবকে সবার মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে এ উত্সবের উদ্বোধন হবে ১৯ জানুয়ারি বিকাল ৪টায়। দু’টি পর্বে শোভাযাত্রা, উদ্বোধনী সংগীতসহ চলচ্চিত্র প্রদশর্নী হবে। আগামী ২৫ জানুয়ারি চলচ্চিত্র উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণী হবে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। ইউনিসেফ, টিআইবি, প্রথমআলো এবং সময় টেলিভিশনসহ অনেক সংস্থা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব আয়োজনে সহযোগিতা করেছে । ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন শ্লে¬াগান নিয়ে আগামী ১৯ থেকে ২৫ জানুয়ারি সপ্তাহব্যাপী এ উত্সবে সারাদেশের ২২টি স্থানে ৪২টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। সংবাদ সম্মেলনে শিশু চলচ্চিত্র সংসদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মুস্তফা মনোয়ার, শিশু চলচ্চিত্র সংসদ সভাপতি ড. মো. জাফর ইকবাল. আইএফআইসি ব্যাংকের উপ-পরিচালক মোহিতুল হাসান, ইউনিসেফের কমিউনিকেশন ম্যানেজার আরিফা শারমিন, দৃক ফটো এজেন্সির এডিটর মুনিরা মোর্শেদ মুন্নী বক্তব্য রাখেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উত্সব পরিচালক মোরশেদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের ৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে প্রথমবারের মতো ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাসগুপ্ত, কানাডার চলচ্চিত্রকার ন্যান্সি ট্রিটস বটফিন ও প্রযোজক মার্ক শেকটার, সিঙ্গাপুরের চলচ্চিত্র সমালোচক ও সংগঠক ফিলিপ চিয়ছ, যুক্তরাজ্যের ড্যানিয়েল স্মিথ ও ইটালির চলচ্চিত্র নির্মাতা গিউসেপ ক্যারিয়েরি’র মত ব্যক্তিত্ব শিশু চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কর্মশালা পরিচালনা করবেন। উত্সবে বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্র থেকে নির্বাচিত ৬০টি ছবিকে প্রদর্শনের জন্য মনোনীত করা হবে। এর থেকে ৫টি ছবি পুরস্কৃত করা হবে। এ উত্সব উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, বেলা ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় শিশুদেরসহ অভিভাবকদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী চলবে।