মাদকপল্লী উচ্ছেদের দাবিতে ঘাটাইলে বিক্ষোভ

৭১ টিভি’র ৩ সাংবাদিককে পিটিয়ে জখম করলো মাদক ব্যবসায়ীরা

মাদক সংক্রান্ত ছবি তোলাকে কেন্দ্র করে ৭১ টিভির তিন সাংবাদিককে মারধর ও তাদের ক্যামেরা ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারস্থ মাদক পট্টিতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। আহত সাংবাদিকরা হচ্ছেন ৭১ টিভির সাংবাদিক ফয়সাল আলম, ক্যামেরাম্যান মামুন ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক। টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার মাঝামাঝিতে হামিদপুরের সান্দারপাড়ার এই মাদকপল্লীতে গতকাল শনিবার কয়েক হাজার এলাকাবাসী টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে মাদকপল্লী উচ্ছেদের দাবিতে তারা মাদকপল্লীতে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানকার শতাধিক ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে মাদক ব্যবসায়ীদের ঘরের পাশাপাশি সাধারণ মানুষের ঘরও পুড়ে যাওয়ায় বস্তির লোকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহত সাংবাদিক এম এ রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যায় ৭১ টেলিভিশনের সাংবাদিকদের দলটি হামিদপুরের সান্দারপাড়া বস্তিতে সংবাদ সংগ্রহের কাজে যান। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা তাদের উপর চড়াও হয়। পরে সংকেত পেয়ে শতাধিক মাদক ব্যবসায়ী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। আহত অবস্থায় সাংবাদিকরা সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ৭১ টিভির সাংবাদিক ফয়সাল আলম বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে চার মহিলাসহ ১৯ জনকে আটক করে ঘাটাইল থানা পুলিশ। কালিহাতী পৌরসভার কাউন্সিলর অজয় কুমার দে লিটন এবং পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদপুরের সান্দারপাড়া (সওদাগর পাড়া) উচ্ছেদের দাবিতে গতকাল বিক্ষুব্ধ জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে। সেখানে তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুরে বিক্ষুব্ধ জনতা সান্দারপাড়ায় একটি ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইল শহর থেকে দমকল বাহিনী গিয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মাদক ব্যবসায়ীদের ঘরসহ এলাকার সাধারণ মানুষের শতাধিক ঘর ভস্মীভূত হয়। কালিহাতী থানার এসআই মুনসুর আলী জানান, স্থানীয় জনতা রাস্তায় অবরোধ শেষে সান্দারপাড়ায় গিয়ে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পুলিশ ইতিমধ্যে আসামিদের কয়েকজনকে গ্রেফতার করেছে। অভিযান অব্যাহত রয়েছে। দুই থানার পুলিশের সঙ্গে অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।