স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি

বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা স্বাধীনতা দিবসের আগেই সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ষড়যন্ত্র করছেন। এজন্য তারা দেশে একের পর এক নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি করছেন। এ সময়ে তারা বেগম খালেদা জিয়ার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক এনামের সভাপতিত্বে সমাবেশে কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু একাডেমীর চেয়ারম্যান হেমায়েত উদ্দিন বীর বিক্রম, মানবাধিকার কর্মী ফাতেমা জামান সাথী প্রমুখ বক্তব্য রাখেন।