তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির সাথে আলোচনার সুযোগ নেই :তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। কারণ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। তিনি বলেন, বিএনপির আবদার তত্ত্বাবধায়ক মানলে তারা আলোচনায় আসবে। তাই অসাংবিধানিক আবদারের কারণে বিএনপির সাথে আলোচনার কোন সুযোগ নেই। গতকাল শনিবার দুপুরে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপি সংসদে আসলে নির্বাচন কমিশন শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে দৃঢ়তার সাথে বলেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অপর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আগামী শীতকালীন সংসদ অধিবেশনে এসে খোলামেলা আলোচনা করুন। যত কথা আছে সংসদে এসে বলুন। তিনি বলেন, সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। একারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন সংলাপ হতে পারে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক পদ্ধতিতেই হবে। আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাবিব আলী।