সিরাজগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত শতাধিক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২২:২৯
সিরাজগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে সিরাজগঞ্জ সদর থানার ওসি ও উভয়পক্ষে অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। অন্তত ৮টি বাড়ি ও দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ করে শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে একে অপরের উপর হামলা করে। পরে সংঘর্ষ শহরের ইবি রোড, ইলিয়ট ব্রিজ রোড ও দত্তবাড়ী এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা বাবু, যুবলীগ নেতা হোসেন আলী, ছাত্রলীগ নেতা হিরণ, সানোয়ার, লিটন, কামরুল, জামরুল, নাসির, সবুজ, রিপন, গোপাল, রাসেল, সুমন, টুংকু আবীরসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কলেজ ছাত্রদলের অর্থ সম্পাদক আব্দুস সালাম,
বিএনপি নেতা সাইদুর রহমান, ছাত্রদল নেতা ইমনসহ ৬ জনকে আটক করেছে। পরে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, রফিকুল ইসলাম খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ করে এই সংঘর্ষ হয়েছে। ওসিসহ ৮ পুলিশ আহত হয়েছে।