প্রধানমন্ত্রী কাল রাশিয়া যাচ্ছেন
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে সোমবার রাশিয়া যাচ্ছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এটি হবে তার দ্বিতীয়বার রাশিয়া সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার আমন্ত্রণে তিনি সে দেশ সফরে যাচ্ছেন। সফরকালে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ১ হাজার মেগাওয়াট পরমাণু বিদ্যুত্ কেন্দ স্থাপনসহ প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঐদিন সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আশা করা হচ্ছে একইদিন বিকাল ৩টা ১০ মিনিটে বিমানটি মস্কোর শেরেমেটিভেয়ভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে মস্কোর প্রেসিডেন্ট হোটেলে নিয়ে যাওয়া হবে। রাশিয়ায় ৩ দিনের সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্ল¬াদিমির পুতিনের সঙ্গে তার ক্রেমলিন কার্যালয়ে একান্ত বৈঠক করবেন। তিনি দেশটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন এবং বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর শেখ হাসিনা এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এছাড়া প্রধানমন্ত্রী ভ্ল¬াদিমির পুতিনের দেয়া আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। কাউন্সিল অব দ্য ফেডারেশন অব ফেডারেল এসেম্বলি ভেলেন্তিনা ওয়ানের চেয়ারপার্সন ম্যাটভিয়েনকো এবং রাশিয়ান ফেডারেশনের যোগাযোগ ও গণমাধ্যম মন্ত্রী নিকোলে নিকিফোরভ শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া রাশিয়ার পরমাণু সহযোগিতা সংস্থা আরওএসএটিওএম-এর জেনারেল ডিরেক্টর সার্গেই কিরিয়েঙ্কো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন।
প্রধানমন্ত্রী মস্কোর নাম না জানা সৈন্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিখ্যাত ক্রেমলিন জাদুঘর ও বলশয় থিয়েটার পরিদর্শন করবেন। তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি গ্যাসপ্রম কেন্দ পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী মস্কো স্টেট ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সেখানে তিনি ‘কনটেম্পরারি বাংলাদেশ-পার্সপেক্টিভ ফর কলাবোরেশন উইথ রাশিয়া’ বিষয়ে বক্তব্য দেবেন। তিনি সেখানে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন এবং ইউনিভার্সিটির রেক্টরের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডার এট লার্জ এম জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন।