আবারো পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

জোসে মরিনহো আরো বেশি চাপে পড়ে গেলেন, রিয়াল মাদ্রিদ লা লিগায় আবারো পয়েন্ট খোয়ানোয়। গত শনিবার পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ওসাসুনার মাঠে গোলশূন্য ড্র করে দলটি। মরিনহোর দল লিগ শিরোপা দৌড়ে আগেই পিছিয়ে ছিল। এখন বাস্তবে আর কোন আশাই থাকলো না বর্তমান চ্যাম্পিয়নদের। রিয়াল মাদ্রিদ এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়লো। গতকাল রোববার রাতে মালাগার বিপক্ষে খেলাটিতে টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসির দল জয়ী হলে এই ব্যবধান বেড়ে দাঁড়াবে ১৮ পয়েন্টে। ১৯ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের। তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। স্পানিশ লিগের অপর দুই খেলায় এস্পানিয়ল ১-০ গোলে সেল্টা ভিগোকে এবং রিয়াল ভ্যালাডোলিড ৩-১ ব্যবধানে রিয়াল মায়োর্কাকে হারায়। ভ্যালেন্সিয়া ২-০ গোলে সেভিয়াকে হারিয়েছে। রবার্তো সোলডাডোর দুই গোলে জিতে ভ্যালেন্সিয়া এখন সপ্তম স্থানে উঠে এলো। মাদ্রিদের দলটির জন্য এ রাতটি ছিল দুর্দশার। কেননা নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়াল মাদ্রিদের শীর্ষ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় এই নিয়ে টানা তিনটি ম্যাচে রোনালদোকে ছাড়া জিততে ব্যর্থ হলো রিয়াল। নিষেধাজ্ঞার কারণে সার্জিও রামোসও খেলতে পারেননি ওসাসুনায়। চোটের কারণে মাঠে নামতে পারেননি রক্ষণভাগের আরেক সৈনিক পেপে। সাতদিনের মধ্যে তৃতীয় খেলায় মাঠে নেমে যেন এসবই যথেষ্ট নয়, তাই খেলার ৭৬ মিনিটে দ্বিতীয় দফায় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন রিয়ালের তারকা খেলোয়াড় কাকা। ২০০৭ সালে এসি মিলান ছেড়ে রিয়ালে যোগ দেয়ার পর এই প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ব্রাজিলের এই প্লেমেকার। এ নিয়ে টানা তিন ম্যাচে দশজন নিয়ে খেলা শেষ করতে বাধ্য হলো মাদ্রিদকে। এদিন একেবারে অনুজ্জ্বল ছিলেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন, জার্মানির মেসুত ওজিল এমনকি ফ্রান্সের করিম বেঞ্জেমাও। কেউই হতে পারেননি রিয়াল মাদ্রিদের ত্রাতা। অন্যদিকে ৭৮ মিনিটে জোসে মারিয়া ক্যালেজনের একটি গোল সংশয় জাগানো অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এ ড্রয়ের পর মরিনহোর দলকে আগামী মঙ্গলবার কোপা ডেল রে’র প্রথম লেগের খেলায় সান্টিয়াগো বার্নাবুতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে হবে। শনিবারের ফলাফল রিয়াল ভ্যালেদোলিদ ৩ মায়োর্কা ১ এস্প্যানিওল ১ সেল্টা ভিগো ০ ওসাসুনা ০ রিয়াল মাদ্রিদ ০ ভ্যালেন্সিয়া ২ সেভিয়া ০