উর্বশীই জিতলেন
‘বিগ বস-৬’ ট্রফি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:০৪
‘বিগ বস’-এর সিজন ৬-এর চ্যাম্পিয়ন হলেন উর্বশী ঢোলাকিয়া। বিগ বসে খেতাব জেতায় ৫০ লক্ষ রুপি, সঙ্গে দারুণ মডেলের একটি গাড়ি, আর সুদৃশ্য ট্রফির মালকিন হয়ে গেলেন ভারতীয় টেলিভিশনের চেনা মুখ উর্বশী। ফাইনাল রাউন্ডের সেরা দুইজনের মধ্যে ছিলেন আলী ইমাম সিদ্দিক ও উর্বশী ঢোলাকিয়া। তারা দু’জনই ফাইনাল রাউন্ডের স্টেজে উঠতে পেরেছিলেন। আর তৃতীয় স্থানে ছিলেন সানা খান, চতুর্থ স্থানে নিকেতন ম্যাঢোক এবং পঞ্চম স্থানে রাজীব পল।
উর্বশীকে এই শো জিততে বেশ পরিশ্রম করতে হয়েছে। হারাতে হয়ছে ইমামের মতো সস্তা জনপ্রিয়তা আদায় করা চরিত্রকে। সানা খানের মত সোজা-সাপ্টা আর আবেদনময়ী আইকনকে। একই সঙ্গে নিকেতনের ম্যানলি ইমেজ, রাজীব পলের বিতর্ক সঙ্গি করে জনপ্রিয় ছিলেন না উর্বশী। কিন্তু একটা ঘরে বন্দি থেকে কীভাবে বিতর্কে জড়িয়ে না পড়েও আবেগে ভর করে সবার মন জয় করা যায় সেটাই দেখিয়ে দিলেন উর্বশী।
‘বিগবস’-এর এই ফাইনাল রাউন্ডের আসরটাও জমেছে বেশ। কৌতুক আর ঠাট্টায় ভরপুর ছিল অনুষ্ঠানটি। অতিথি হিসেবে আনা হয় ইমরান হাশমিকে। আর ইমরানকে নিয়ে কৌতুক করে বসেন ‘বিগ বস’-এর অন্যতম প্রতিযোগী কারিশমা। তিনি বলেন, ‘ইমরানের সবচেয়ে ভালো যোগ্যতা হলো চুম্বন।’ আর সেই কথাতে কারিশমাকেই হারিয়ে দেন ইমরান। এমনকি ইমরান জানান, তার আপকামিং ছবিতে চুম্বনে সেঞ্চুরি হয়েছে তার।