জোকস
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
হাত দেখার বিদ্যা বা পামিস্ট্রিতে তখন কিরোর অনেক নাম ডাক। কিন্তু একদিন সন্দেহপ্রবণ এক লোকের মনে হলো তিনি কিরোকে একটু যাচাই করে দেখবেন। তাই ইচ্ছে করেই একটি কাগজে শিম্পাঞ্জির হাতের ছাপ নিয়ে তা দেখে দিতে বললেন কিরোকে। বহু মানুষের হাত দেখে অভিজ্ঞতা অর্জন করা কিরোর কিন্তু বুঝতে মোটেও সমস্যা হলো না যে এটা শিম্পাঞ্জি বা এ ধরনের কোনো প্রাণীর হাতের ছাপ। কিন্তু মুখে সেটা না বলে তিনি ওই ব্যক্তিকে বললেন, ‘এটা নিশ্চয়ই আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের হাতের ছাপ। তাকে বলবেন খাঁচা থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে থাকতে। এতে দুজনেরই অনেক উন্নতি হবে।’
নরওয়ের প্রখ্যাত লেখক নুট হ্যামসুন একবার ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ফরাসী ভাষাটা তার একেবারেই জানা ছিল না। তো বেশ কয়েক দিন প্যারিসে ভ্রমণ শেষে তিনি যেদিন ফিরে যাবেন তখন এক সাংবাদিক তার কাছে জানতে চাইলেন, ‘ফরাসী ভাষা জানা না থাকায় আপনার কোনো সমস্যা হয় নি?’ উত্তরে হ্যামসুন বললেন, ‘আমার মোটেই সমস্যা হয় নি, তবে যারা আমার সাথে কথা বলেছে তাদের হয়েছে!’
আইনস্টাইন যখন জার্মানি ছেড়ে নির্বাসিত জীবনযাপন করছিলেন তখন হিটলারপন্থী একশ জন প্রফেসর একত্রে একটি সংকলন প্রকাশ করেন যার মূল বিষয় ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বকে ভুল প্রমাণ করা। এ বিষয়টা আইনস্টাইনের কানে আসার পর তিনি মন্তব্য করতে যেয়ে বলেছিলেন, ‘আমার তত্ত্ব প্রমাণ করার জন্য এক জন প্রফেসরই তো যথেষ্ঠ ছিল, খামোখা এতোজন কেন কষ্ট করতে গেলেন!’