ভালুকার শিল্পাঞ্চলে জুয়ার আসর মাদকের রমরমা ব্যবসা
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫০
উপজেলার হবিরবাড়ি শিল্পাঞ্চলের আমতলী নামক স্থানে বিশাল প্যান্ডেল তৈরি করে প্রেসক্লাবের ইনডোর গেইমের নামে রাতভর চালানো হচ্ছে জুয়া, হাউজি ও মাদকের রমরমা ব্যবসা। পাশাপাশি চলছে অশ্লীল নৃত্য। এর ফলে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যুব সমাজ বিপথগামী হচ্ছে। ওই জুয়ার আসরে অংশ গ্রহণ করে গাজীপুরের শ্রীপুর ও ভালুকা উপজেলার শিল্প-কারখানার হাজার হাজার শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সর্বস্বান্ত হচ্ছে।
একাধিক সূত্র জানায়, শ্রীপুর উপজেলার জনৈক ফারুক প্রেসক্লাব ভালুকার সভাপতি এবিএম জিয়াউদ্দিন বাসার ও স্থানীয় যুবক সোহেলের নেতৃত্বে উপজেলা সদর থেকে প্রায় ৭কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলী নামক স্থানে বনবিভাগের ২/৩ একর জমিতে বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করে হাউজি, ওয়ান-টেন, ওয়ান-এইট, চরচড়ি, ডাব্বাসহ বিভিন্ন রকম জুয়ার মাধ্যমে প্রতি রাতে এলাকার শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। পাশাপাশি নর্তকীদের অশ্লীল নৃত্যে উঠতি বয়সি যুবসমাজের চরিত্রহরণসহ এলাকায় ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন মাদক সামগ্রী। জুয়ার আসরের মাইকের উচ্চ শব্দে আশপাশ এলাকার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিতসহ মুসল্লিদের নামাজ আদায়ে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।