ধামুরহাটে ব্যবসায়ীর
বাড়িতে ডাকাতি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
নওগাঁর ধামুরহাট উপজেলা সদরের আমাইতাড়া বাজার এলাকায় গত শনিবার গভীর রাতে এক ব্যবসায়ীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। মুখোশধারী দুর্বৃত্তরা এ সময় ওই বাসার লোকজনকে বেঁধে নগদ ১০ লাখ ২০ হাজার টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী নূরুল ইসলাম জানান, মুখোশধারী ডাকাতরা শুরুতে বাজারের নৈশপ্রহরী রিয়াজুলকে বেঁধে রেখে নিজেরাই বাঁশি বাজিয়ে এলাকার নিয়ন্ত্রণ হাতে নেয়। পরে রাত ২টার দিকে দুর্বৃত্তরা তার বাসার প্রধান ফটকের তালা কেটে চাউলকলের গদিঘরে ঢুকে ম্যানেজার হেলালকে বেঁধে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর তারা তার বাসার দ্বিতীয় ও তৃতীয়তলার বিভিন্ন ঘরে ঢুকে লোকজনকে বেঁধে রেখে ঘরের আলমারি ভেঙ্গে আগে ৬ লাখ ১০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন ও তিনভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। গৃহকর্তা নূরুল ইসলাম আরো জানান, সে তার পুকুরের মাছ বিক্রির টাকাসহ ইটভাটা থেকে আদায় করা টাকা বাসায় রেখেছিলেন। অন্যদিকে চাউলকলে কেনাবেচার টাকাও গদিঘরের সিন্দুকে রাখা ছিল। খবর পেয়ে গতকাল রবিবার ধামুরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মংলা সংবাদদাতা জানান, মংলায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে ৮/১০ জনের ডাকাত দল শহরের কুমারখালী এলাকার হরিপদ কলোনি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি ধারালো অস্ত্রসহ ডাকাত দলের সদস্য কামাল হাওলাদার (২৪) ও ইমরান হোসেনকে (২২) আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আটককৃতদের রবিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়।