জুরাইনে অগ্নিকাণ্ডে নিহত ১
মিরপুরে বিস্ফোরণে দগ্ধ ৩
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:০৬
রাজধানীর জুরাইনে কমিশনার গলি এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গোপাল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের পাশে ব্র্যাক ব্যাংক ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংকে বিস্ফোরণে ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রবিবার ভোরে কমিশনার গলি সংলগ্ন একটি টং ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় টং ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান প্রাণ গোপাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে একইদিন সকালে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের পাশে ব্র্যাক ব্যাংক ভবনের নিচতলায় রিজার্ভ পানির ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিকরা। এ সময় একজন শ্রমিক সিগারেট ধরানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিক মিজান (৩৫), সোহেল মিয়া (৩০) এবং সোহেল (৩২) অগ্নিদগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, এদের মধ্যে সোহেল মিয়া ও সোহেলের অবস্থা আশংকাজনক। প্রথমজনের ৪০ শতাংশ এবং দ্বিতীয়জনের ৫০ শতাংশ পুড়ে গেছে। সোহেল মিয়া ভোলার চরফ্যাশনের আনোয়ার উল্লার ছেলে এবং সোহেল বরিশালের মেহেন্দিগঞ্জের আব্দুল আজিজের ছেলে। তারা তিনজনেই মিরপুর-২ নম্বরে একটি মসজিদের পাশে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন।