তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:০৬
আশুলিয়ায় তাজরীন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঐ প্রতিষ্ঠানের ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি (ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)। শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কারখানার সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, গোডাউন ইনচার্জ আল আমিন ও সিকিউরিটি গার্ড রানা হোসেন। এর আগেও ঢাকা জেলা পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনায় তাজরীন গার্মেন্টেসের ৩ কর্মচারীকে গ্রেফতার করে। তাদের নিয়ে এ পর্যন্ত ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হলো।
গত ২০১২ সালের ২৪ নভেম্বর রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন শ্রমিক নিহত হন। ঐ ঘটনায় পুলিশ আশুলিয়া থানায় মামলা করে। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।