ফাস্টফুড রেস্টুরেন্টে
মারাত্মক ক্ষতিকর
জীবাণু সনাক্ত!
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:০৬
মারাত্মক পেটেরপীড়ার জন্য দায়ী ক্ষতিকর জীবাণু ইকলাই সনাক্ত করেছেন কানাডার বিশেষজ্ঞগণ। নোভা স্কশিয়া, নিউব্রাসউইক এবং অন্টারিওর ফাস্টফুড রেস্টুরেন্ট কেএফসি ও টাকোবেল আউট লেটে সরবরাহকৃত লেটুস পাতা থেকে ইকলাই নামক জীবাণু সংক্রমিত হয়েছে বলে কানাডার স্বাস্থ্য বিভাগ তথ্য দিয়েছে। রেস্টুরেন্টে সরবরাহকৃত সকল লেটুস পাতা প্রত্যাহার করে নিতে বলেছে কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষ। নোভা স্কশিয়ার স্বাস্থ্য বিভাগের ডেপুটি চীপ মেডিক্যাল অফিসার ড: ফ্রাংক আথারটন উল্লেখ করেছেন একটি যৌথ বিশেষজ্ঞ তদন্তে প্রমাণিত হয়েছে যে, ইকলাই সংক্রমণ ঘটেছে ফাস্টফুড চেইনগুলোতে সরবরাহকৃত লেটুস থেকে। ড: আথারটন মনে করেন লেটুসের সংরক্ষণকাল কম সময়ের এবং গত এক সপ্তাহে আর কোন জীবাণু সংক্রমণ ঘটেনি। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কানাডিয়ান ফুড ইনসপেকশন এজেন্সী সকল লেটুস প্রত্যাহার করে নিতে বলেছে। তবে স্বাস্থ্য বিভাগ বলেছে ফাস্টফুড রেস্টুরেন্টে জীবাণু সংক্রমণ ঘটেছে ফ্রেশ পয়েন্ট নামক একটি ফুড সাপ্লায়ার কোম্পানীর জীবাণুযুক্ত লেটুস সরবরাহের কারণে। এর জন্য ফাস্টফুড রেস্টুরেন্টগুলোর ওপর দোষ চাপানো হয়নি। নিউ ব্রাসউইক-এর চীপ মেডিক্যাল অফিসার ড: আইলিশ ক্লেরি উল্লেখ করেছেন লেটুস অন্যান্য ফাস্টফুড চেইনেও সরবরাহ করা হয়। কিন্তু জীবাণু সনাক্ত হয়েছে কেএফসি ও টাকোবেল আউটলেটে। এ ব্যাপারে কেএফসি প্রেসিডেন্ট বলেছেন, লেটুস পাতা থেকে জীবাণু সংক্রমণের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, তারা সংক্রমিত লেটুস সরিয়ে ফেলেছেন এবং তাদের খাবার সম্পূর্ণ নিরাপদ। ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে যে জীবাণু সংক্রমিত হয়েছে সে প্রজাতির জীবাণুর নাম ইকলাই ‘০১৫৭’। ২০০০ সালে অন্টারিওর ওয়ালকারটনে ইকলাই-এর অনুরূপ একটি প্রজাতির জীবাণু সংক্রমণ ঘটে এবং তখন আক্রান্তদের ৭ জন মারা যায়। বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন, ইকলাই নামক এই মারাত্মক ক্ষতিকর প্রজাতির জীবাণু এক ধরনের অতি তীব্র ধরনের বা পাওয়ারফুল টক্সিন নি:সরণ করে যা মারাত্মক অসুস্থতাসহ উচ্চ রক্তচাপ বৃদ্ধি ও কিডনি ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। এদিকে বাংলাদেশেও বিভিন্ন রেস্টুরেন্টে ও ফাস্টফুড রেস্টুরেন্টে লেটুস ব্যবহার করা হয়। আমাদের দেশে সরবরাহকৃত লেটুস নিরাপদ কিনা তাও পরীক্ষা করে দেখা দরকার। আর এর দায়িত্ব সরকারের স্বাস্থ্য বিভাগের।