পিসিবি’র বর্ষসেরায় আজমলের জয়জয়কার
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৬
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বিচারে বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার সাঈদ আজমলের নাম বাদ পড়লেও প্রথমবারের মত আয়োজিত পাকিস্তানের ঘরোয়া এই পুরস্কারের তালিকায় ঠিকই সব ধরনের ফরম্যাটে সেরা বোলার হয়েছেন এই পাক স্পিনার। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সেরা বোলার হওয়া ছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্ষসেরা বোলারের বিশেষ পুরস্কারও অর্জন করে নিয়েছেন আজমল।
নিজ দেশে এই স্বীকৃতি অর্জনের পরে আজমল বলেছেন, ‘ক্রিকেট বিশ্বে পাকিস্তান দীর্ঘদিন ধরেই তার বোলিং আক্রমণ দিয়ে সেরার তালিকায় স্থান করে আছে। আর সেখানেই বর্ষসেরা বোলারের খেতাব অর্জন করা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। এটা আমাকে জীবনের এই সময়ে এসে ১৬ বছরে নিয়ে গেছে। টেস্ট ম্যাচে বোলিং করার অর্থই হলো সেখানে ফিটনেসের পাশাপাশি মনোযোগ ও দক্ষতার প্রয়োজন। সেখানে একজন বোলারকে সবসময়ই ব্যাটসম্যানকে আউট করার চিন্তা মাথায় রাখতে হয়। আমি অত্যন্ত খুশি এই পর্যায়ে আমি সকলের মধ্যে সেরা হতে পেরেছি।’
২০১২ সালে আজমল পাকিস্তানের হয়ে ছয়টি টেস্ট ম্যাচ খেলে ২০.৫৬ গড়ে ৩৯টি উইকেট দখল করেছেন যা বিশ্বের শীর্ষ ১০জন বোলারের মধ্যে সেরা। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে তার ১৪.৭০ গড়ে পাওয়া ২৪ উইকেটের কারণে পাকিস্তান ঐ সময়কার টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে এনে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। এই সময়ের মধ্যে আজমল ৩১টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি উইকেটও দখল করেছেন।
গত বছর পাকিস্তানের টেস্ট দলে ফিরে আসা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদও একাধিক ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। ওয়ানডে এবং টি২০ উভয় ফরম্যাটে তিনি বর্ষসেরা ব্যাটসম্যান হয়েছেন। তবে ৫৫.১০ গড়ে গত বছর ৫৫১ রান করে বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যান হয়েছেন আজহার আলী। এছাড়া পাকিস্তানের টি২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজ তার নেতৃত্ব ও পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের ম্যানেজার ইন্তিখাব আলম, পাকিস্তানের বর্তমান নির্বাচক প্রধান ইকবাল কাসিম এবং অভিজ্ঞ সাংবাদিক কামার আহমেদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের মনোনয়নে পিসিবি এই পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে।-বাসস