কুমিল্লায় আহত ছাত্রলীগ নেতার অবস্থা আশংকাজনক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ। মহানগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে গত শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল রবিবার উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের কর্মী শাহেদ ও রুবেলের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বে গত শনিবার রাতে মারামারির ঘটনায় শাহেদ আহত হন। তিনি আহত হওয়ার কিছুক্ষণ পর কিছু যুবক অস্ত্র নিয়ে মহানগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদকে পেয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে-কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত জালালকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।