আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী ম্যালোরি

আমেরিকার শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হলেন ম্যালোরি হাইটেস হ্যাগেন। দেশের ৫০টি রাজ্যের সুন্দরীদের মধ্যে প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে এবার মিস আমেরিকার মুকুট পরেন ২৩ বছরের ম্যালোরি। তিনি ব্রুকলিনের বাসিন্দা। খবর এএফপির গত শনিবার সন্ধ্যায় নেভাডার লাসভেগাসে প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিস আমেরিকা হিসেবে ম্যালোরি ৫০ হাজার মার্কিন ডলার বৃত্তি পাবেন এবং তাকে আগামী এক বছর চিলড্রেনস মিরাকল নেটওয়ার্কের জন্য তহবিল সংগ্রহের কাজে জড়িত থাকতে হবে। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন মিস সাউথ ক্যারোলাইনা আলি রজার্স। তিনি ২৫ হাজার ডলার বৃত্তি পাবেন। দ্বিতীয় রানার-আপ হয়েছেন মিস ওকলাহোমা অ্যালিসিয়া ক্লিফটন। তিনি পাবেন ২০ হাজার ডলার বৃত্তি। অনুষ্ঠানে বিচারকরা হেগানকে প্রশ্ন করেছিলেন, কানেকটিকাটের নিউটাউনে গত মাসে একটি স্কুলে সহিংসতার প্রেক্ষিতে স্কুলগুলোতে সশস্ত্র প্রহরী নিয়োগ করা উচিত কিনা। উত্তরে তিনি বলেন, সহিংসতা দিয়ে সহিংসতা ঠেকানো যায় না। ওই ঘটনায় শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হয়।