রোকেয়া ভার্সিটিতে দুর্নীতি বিরোধী মঞ্চের মানববন্ধন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে গতকাল রবিবার মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে দুর্নীতি বিরোধী মঞ্চ। সকালে রংপুর মহানগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে ‘দুর্নীতি বিরোধী মঞ্চের’ উদ্যোগে দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে এক সমাবেশে দাবি আদায়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৭ জানুয়ারী রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুধী সমাবেশ এবং ১৯ জানুয়ারী সংবাদ সম্মেলন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. আরএম হাফিজুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, সহকারী অধ্যাপক ইলিয়াস প্রামাণিক, সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, প্রভাষক সানওয়ার সিরাজ, প্রভাষক মাসুদ রানা, প্রভাষক গোলাম রব্বানী, শিক্ষক ওমর ফারুক, সহকারী রেজিষ্ট্রার আমিনুর রহমান, জাহিদুর রহমান, তারিকুল ইসলাম, শিক্ষার্থী নূর আলম লিটন, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম রিপন, সামিউল ওয়াকিল মুন প্রমুখ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি রংপুর জেলা শাখার সভাপতি শাহাদত্ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা শখার সভাপতি আরশাদ হারুন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, জাসদ জেলা সাধারণ সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস প্রমুখ। বক্তারা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সমাবেশ শেষে দুর্নীতি বিরোধী মঞ্চ ও জেলা জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের মাধ্যমে ৭ দফা দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।