সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে ফের বাংলাদেশের তাগিদ

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আবারও তাগিদ দিয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ দেখা করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা জানাতে হাইকমিশনার আমার কাছে এসেছিলেন। এসময় দু‘দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’ তিনি বলেন, আগামী মাসের মধ্যে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, বিদ্যুত্ খাতে সহযোগিতার বিষয়ে সচিব পর্যায়ের এবং যৌথ নদী কমিশনের বৈঠক, দেশটির পররাষ্ট্র সচিবেরও ঢাকায় আসার কথা রয়েছে। এ কারণে ঢাকা-দিল্লির ব্যস্ততা বেড়েছে। আর সেসব বিষয়ের ফলোআপ নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, স্বাভাবিকভাবে সীমান্তে হত্যার বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সময় সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। দীপু মনি জানান, জবাবে পঙ্কজ শরণ বলেছেন, হত্যার বিষয়গুলো তদন্ত হচ্ছে এবং এ বিষয়ে অগ্রগতি জানানো হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বন্দী বিনিময় চুক্তি সই হবে কি-না জানতে চাইলে দীপু মনি বলেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঢাকায় আসবেন, নিশ্চয়ই তখন বিষয়টি স্পষ্ট হবে।