ওসমান গনির স্বপ্ন পূরণ হলো না
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:১৯
প্রবাসে ‘সোনার হরিণ’ খুঁজতে গিয়ে আগুনে প্রাণ হারালেন নোয়াখালীর ওসমান গণি (২৩)। নিন্ম মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ওসমান। সুখ-সচ্ছলতা ঘেরা একটি পরিবারের স্বপ্ন দেখতেন। আগামি ছুটিতে বাড়িতে ফিরে বিয়ে করার ইচ্ছে ছিল। কিন্তু তার সে ইচ্ছে আর পূরণ হলো না। অধরাই রয়ে গেল তার সব স্বপ্ন। গত শুক্রবার বাহরাইনের রাজধানী মানামার মুকারকা এলাকায় অগ্নিকাণ্ডে অন্যদের সঙ্গে ওসমান গণিও নিহত হন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁওয়ের কাশিপুর গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র। গতকাল রবিবার তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে ছেলের অকাল মৃত্যুর খবরে বৃদ্ধ মা ছাদিয়া বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ভাই-বোনদের কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন শোকে দিশেহারা।
পরিবারের সদস্যরা জানান, ওসমান ২০০৮ সাল থেকে বাহরাইনে শ্রমিকের কাজ করছেন। এর মধ্যে দুই বার বাড়িতে আসেন। সর্বশেষ গত ২ ডিসেম্বর ছুটি শেষে বাহরাইনে ফিরে যান। দুই ভাই, তিন বোনের মধ্যে ওসমান তৃতীয়। সামনের ছুটিতে ওসমান বাড়িতে এসে বিয়ে করবেন এমন প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তার সে স্বপ্ন আর পূরণ হলো না।