ভারতের পাঞ্জাবে গণধর্ষণ, গ্রেফতার ৬

ভারতের উত্তরাঞ্চলের প্রদেশ পাঞ্জাবের গুরুদাসপুরে গত শুক্রবার গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ আরো এক সন্দেহভাজনকে খুঁজছে। গত মাসে দিল্লিতে গণধর্ষণে একজন মেডিক্যাল ছাত্রী নিহতের পর আবারো এ ধরনের ঘটনা ঘটলো। খবর বিবিসি ও এনডিটিভির। কাহনুয়ান থানার পুলিশ কর্মকর্তা রাজ জিত্ সিং জানান, পাঞ্জাবে ঘটনার শিকার নারীর বয়স ২৯ বছর। তিনি তার পিতার বাড়ি জগত্পুর থেকে শুক্রবার রাতে বাসে করে তার নিজ গ্রাম গুখলায় যাচ্ছিলেন। তাকে তার বাড়ির কাছে না নামিয়ে বাসের চালক এবং সহকারী তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। স্থানটি অমৃতসর থেকে বেশি দূরে নয়। এই দুইজন এবং তাদের পাঁচ বন্ধু একটি বাড়িতে রাতভর তাকে ধর্ষণ করে। শনিবার সকালে তাকে গ্রামের কাছের একটি স্থানে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। ধর্ষিতা বাড়িতে গিয়ে তার আত্মীয়দের জানালে তারা থানা পুলিশের কাছে অভিযোগ করে। ওই নারীর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। শনিবার পাঁচজন এবং গতকাল একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে ।