প্রধানমন্ত্রীর ভাষণ প্রত্যাখ্যান করেছে বিএনপি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:২৩
সরকারের চার বছরপূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে বিএনপি। গতকাল রবিবার বিকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের সমন্বয়কারী তরিকুল ইসলাম এই ভাষণ প্রত্যাখ্যান করে বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে জাতির সামনে অসত্য ভাষণ দিয়েছেন। দলীয় বক্তব্য রেখেছেন। মিথ্যাচার বাদ দিয়ে তার উচিত ছিলো দুর্নীতি আর লুটপাটের দায় ও সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে বিদায় নেয়া।
খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান দুঃশাসনের অবসান ঘটাতে গণঅভ্যুত্থানের জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে বলে তরিকুল উল্লেখ করেন। তিনি বলেন, এখনো সংলাপের পথ খোলা আছে। আর পথ বন্ধ হলে রাজপথেই সমাধান হবে।
সংগ্রাম কখনো বন্ধ হয় না। তত্ত্বাবধায়কের মাধ্যমেই নির্বাচন দিতে হবে। বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম প্রমুখ সম্পর্কে তিনি বলেন, তারা তত্ত্বাবধায়ক বিরোধী কথা বলেন। তারা আওয়ামী লীগের সিনিয়র নেতা। তাদের সম্পর্কে কিছু বলতে চাই না। তবে তাদেরও দায়িত্ব আছে দেশ যাতে খারাপ দিকে না যায় সেদিকে লক্ষ্য রাখা।