তুরস্কের ৩০ কোটি ডলার ঋণ সুবিধা নিতে ১৮ ব্যাংকের আগ্রহ প্রকাশ

তুরস্ক এক্সিম ব্যাংকের প্রস্তাবিত ৩০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ ঋণ বেসরকারি খাতে ব্যবহারের জন্য দেশের ১৮টি বাণিজ্যিক ব্যাংক আগ্রহ দেখিয়েছে। আগ্রহী ব্যাংকগুলো তুরস্কের এক্সিম ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবিত ঋণ ব্যবহারের চুক্তি সম্পন্ন করবে। তবে কোন কোন ব্যাংক এ সুবিধা পাবে তার তালিকা তৈরি করবে তুরস্ক। গতকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় এফবিসিসিআই সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স ও কমার্সিয়াল কাউন্সিল এবং বাংলাদেশের ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উল্লেখ করা হয়, ২০১০ সালে তুরস্কের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে তুরস্ক এক্সিম ব্যাংক থেকে বাংলাদেশকে ঋণ সহায়তা দেয়ার প্রস্তাব দেয়। এফবিসিসিআই’কে বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে এফবিসিসিআই ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্বাক্ষর করে তুরস্ক। ওই ঋণের আওতায় তুরস্ক থেকে বাংলাদেশে রফতানিকৃত পণ্য ও সেবার ৮৫ শতাংশ পর্যন্ত অর্থায়ন করা হবে। এতে পণ্যভেদে লাইবরের চেয়ে তিন থেকে তিন দশমিক ৭৫ শতাংশ সুদ এবং মেয়াদ হবে দুই থেকে ১০ বছর। প্রস্তাবিত ঋণ সুবিধা বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেয়া হবে। ওই ঋণ নিতে যেসব ব্যাংক আগ্রহ দেখিয়েছে সেগুলো হলো স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক ও এনসিসি ব্যাংক।