সবকিছুর পরও আশাবাদী বিসিবি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যতই অস্বীকার করুক না কেন দৃশ্যত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানী খেলোয়াড়দের নিশ্চিত করার জন্যই পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ শর্ত দিয়েছে বাংলাদেশ পাকিস্তান না গেলে তারা খেলোয়াড়দের ছাড়বে না। কিন্তু মুখে বিসিবি কর্মকর্তারা বলছেন, এমন কোন শর্তের কথা তারা জানে না বিসিবি। শুধু তাই নয়, বিপিএল শুরু হতে মাত্র দুইদিন বাকি থাকলেও এখন পর্যন্ত পাকিস্তানী খেলোয়াড়দের নিশ্চিত করতে পারছে না বিসিবি। কাল বোর্ড সভা শেষে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা দৃঢ় কণ্ঠে বললেন, ‘আমরা এখনো আশাবাদী পাকিস্তানী খেলোয়াড় আসবে। যেহেতু অফিসিয়ালী পিসিবির কাছ থেকে এখনো কোন নেতিবাচক কিছু পাইনি, তাই আমরা আশা করতেই পারি। নেতিবাচক কিছু হলে কালকের মধ্যে বুঝতে পারবো। তবে আমরা কাল (আজ) পর্যন্ত অপেক্ষা করবো। যদি পাকিস্তানী খেলোয়াড়রা নাও আসে প্রয়োজন হলে তাদের ছাড়াই বিপিএল হবে’।
কিন্তু আজকের মধ্যে বিসিবিও কিভাবে নিশ্চিত হবে পাকিস্তানী খেলোয়াড়দের ব্যাপারে? বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান বলেন, ‘বিসিবি সভাপতি কাল একটি চিঠি পাঠাবে পিসিবির কাছে। নিশ্চয়ই তারা একটি উত্তর দিবে। বিসিবি সভাপতি ও পিসিবি সভাপতির মধ্যে আলোচনা হয়েছে। সেখানে আমাদের সভাপতি বলেছিলেন, একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল তাদের ওখানে পাঠাবে। তারা বলেছিল, বিপিএলের আগে পাঠাতে। কিন্তু বোর্ড সভাপতি বলেছেন, সেটা সম্ভব নয়। খেলার পরে আমরা পাঠাবো। আমরা এখন তাদের জানাবো, পর্যবেক্ষক দল সেখানে পাঠাবো। নিশ্চয়ই আমরা একটা উত্তর পাব তাদের কাছ থেকে’।
বিপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি প্রায় চার-পাঁচজন করে পাকিস্তানী খেলোয়াড় রয়েছে। তারা না এলে যারা নিলামে অবিক্রিত ছিলেন তাদের মধ্য থেকে ফ্রাঞ্চাইজিরা খেলোয়াড় বাছাই করে নিবে বলে জানান গভর্নিং কমিটির চেয়ারম্যান। ইতোমধ্যে আজ খুলনা রয়েলসের চারজন বিদেশি খেলোয়াড় কাল আসছে, এরমধ্যে দুইজন পাকিস্তানীও রয়েছে বলে জানালেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান। ফলে মিলে পাকিস্তানী খেলোয়াড় অংশগ্রহণ ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়েছে বিসিবি।
সিনহার এমন বক্তব্যে অবশ্য পরিষ্কার, পাকিস্তানী খেলোয়াড়দের নিয়ে বিসিবি চিন্তিত নয়। তারা ধরেই নিয়েছে পাকিস্তানীরা ঢাকায় আসছে। আবার এটাও পরিষ্কার, পাকিস্তানী খেলোয়াড়দের আসার জন্য অদৃশ্য শর্ত পূরণেও বিসিবি অঙ্গীকারবদ্ধ। শর্তপূরণ করতে খুব শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান সফর করবে; এটাও একরকম পরিষ্কার ক্রিকেট মহলে। বিসিবি বলছে, সফর চূড়ান্ত করার আগে আজ মঙ্গলবার বিসিবি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দিবে। যেন খুব শীঘ্রই তারা পাকিস্তানে একটি পর্যবেক্ষণ দল পাঠায়। কাল বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যন জালাল ইউনুস বলেন, ‘আমরা কাল (আজ) সরকারের কাছে চিঠি দিব। তারা যেন খুব শীঘ্রই পর্যবেক্ষণ দল পাঠায়। সেখানকার বর্তমান পরিস্থিতি বোঝার পর সিদ্ধান্ত নেয়া হবে’।
বিসিবির কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে পিসিবিও বিপিএলে খেলোয়াড় ছাড়বে না। গত কয়েকদিনে পিসিবির চেয়ারম্যান মিডিয়াতে বারবার এই কথাটি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু বিসিবি বলছে ভিন্ন কথা। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘পিসিবিও আমাদের কোন তারিখ নির্ধারণ করে দেয়নি যে এই তারিখের মধ্যে আমাদের সেখানে যেতে হবে। যত কথা হচ্ছে সব মিডিয়াতে হচ্ছে। আমরা অফিসিয়ালী কিছু পাইনি যে পাকিস্তানী খেলোয়াড় আসবে না। তারা আমাদের জানাবে খেলোয়াড় দিবে কিনা। তারা যদি অফিসিয়ালী কিছু বলতো তাহলে আমরা কিছু বলতে পারতাম’।
কিন্তু পিসিবি চেয়ারম্যান অফিসিয়ালী মন্তব্য করেছে যে বাংলাদেশ লিখিত প্রতিশ্রুতি না দেয় তাহলে বিপিএলে পাকিস্তানী খেলোয়াড় দিবে না। কিন্তু বিসিবি এসব কিছুর দিকে না তাকিয়ে তারা পিসিবির অফিসিয়ালী চিঠির অপেক্ষায় রয়েছে। যেহেতু পিসিবি কিছু জানায়নি, তাই বিসিবি প্রত্যাশা করছে তারা পাকিস্তানী খেলোয়াড় পাবে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে, পিসিবির কাছ থেকে খেলোয়াড়দের ব্যাপারে ‘নো অবজেকশন’ (এনওসি) কাগজ এখনো পায়নি বিসিবি। সেটা স্বীকারও করেছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান সিনহা, ‘আমরা এখনো পিসিবির কাছ থেকে এ ধরনের কাগজ পাইনি’।