চ্যালেঞ্জ কাপের জন্য আসতে পারেন ডাচ কোচ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৬
এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলকে সামনে রেখে ঢাকায় আসতে পারেন বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং সহকারী কোচ রেনে কোস্টার। কোচদের সঙ্গে মূল চুক্তির সময়ই এই দাবিটা জানিয়েছিল বাফুফে। সে সময় সাড়া না পেলেও এখন এজেন্টের মারফত কিছুটা ইতিবাচক সাড়া পেয়েছে ফেডারেশন। এজেন্ট জানতে চেয়েছেন ফেব্রুয়ারিতে তিন সপ্তাহের জন্য কোচ দু’জন ঢাকায় এলে তাদেরকে কি দেয়া হবে। বাফুফে থেকে জানিয়ে দেয়া হয়েছে এক মাসের বেতন, আনুষঙ্গিক সুযোগ সুবিধাসহ প্রাপ্য যা কিছু আছে সবই পাবেন তারা। হিসাব বলছে, এক মাসের বেতনসহ প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হবে।
এই বিপুল ব্যয়ে কোনো আপত্তি করছে না বাফুফে। ৫০ লাখ টাকা ব্যয় করেও তাদেরকে তিন সপ্তাহের জন্য আনতে চাইছেন বাফুফে সভাপতি। একই সাথে বাফুফে সভাপতি ডাচ এজেন্টকে জানিয়েছেন চ্যালেঞ্জ কাপ ফুটবলে বাংলাদেশ কোয়ালিফাই করলে কোচকে ১০ হাজার ইউরো বোনাস দেয়া হবে।
এজেন্ট এই প্রস্তাব নিয়ে কোচের সাথে আলোচনা করে জানাবেন বলে গতকাল বিকালে সাংবাদিকদের জানিয়েছেন কাজী সালাহউদ্দিন। তিনি মনে করছেন কোচ তাদের ক্লাবের সাথে আলোচনা করে ঢাকায় আসতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলেই হয়তো এজেন্ট কথা বলেছেন ঢাকায়, ‘চ্যালেঞ্জ কাপ ফুটবলকে লক্ষ্য রেখে তিন সপ্তাহের জন্য কোচ দু’জন ঢাকায় আসবেন কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শুক্রবার’।
ডাচ কোচরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব গ্রহণ করবেন জুনে। বাফুফের সাথে ডাচ কোচদের চুক্তি হয় গত ১২ জানুয়ারি, শনিবার। সেদিনই তাদেরকে অনুরোধ করা হয়েছিল মার্চে নেপালে অনুষ্ঠিতব্য এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের সময় বাংলাদেশের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু তারা জানিয়েছিল নিজ দেশে চুক্তিবদ্ধ ক্লাবের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। এক দিন পরই এজেন্ট বাফুফের সভাপতির সাথে আলোচনা করেছেন সুযোগ সুবিধা নিয়ে। বাফুফে সভাপতিও তাদের আশ্বস্ত করেন তাদের।
চ্যালেঞ্জ কাপ ফুটবল বাংলাদেশের আসল লক্ষ্য নয়। বাংলাদেশের লক্ষ্য সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ। তারপরও চ্যালেঞ্জ কাপকে ঘিরে বাফুফে একটা সুযোগ নিতে চাইছে। প্লেয়াররা আরো আগে প্রস্তুতি শুরু করার একটা সুযোগও পাবে। এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল বাছাই পর্ব বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হবে ২-৮ মার্চ নেপালের কাঠমান্ডুতে। পাঁচ গ্রুপে ২০ দল খেলবে বাছাই পর্বে। বাংলাদেশ ডি গ্রুপে খেলবে, নেপাল, ফিলিস্তিন এবং নতুন দল নর্দান মারিয়ানা রয়েছে। ২ মার্চ ফিলিস্তিন, ৪ মার্চ নেপাল, ৬ মার্চ নর্দান মারিয়ানা দলের বিরুদ্ধে খেলা।