আর্সেনালের মাঠে অবশেষে জয় সিটির
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৪০
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির এমিরেটস স্টেডিয়ামে গত রবিবার দুটি প্রাপ্তির আশা ছিল। শিরোপা লড়াইয়ে টিকে থাকা এবং গানারদের মাঠে জয় পাওয়া। প্রিমিয়ার লিগে গানারদের মাঠে জয়ের স্মৃতি মলিন ছিল এতদিন সিটির। রর্বাতো মানচিনি বাহিনীর আশা পূরণ হয়েছে। ২-০ গোলে সিটি হারিয়ে দিয়েছে আর্সেনালকে। শিরোপা লড়াইয়ে টিকে থাকল তারা এবং আর্সেনালের মাঠে ৩৮ বছরের মধ্যে প্রথম জয়ের দেখা পেল দলটি।
সিটির যেকোন কিছুর বিনিময়ে জয়ের প্রয়োজন ছিল এমিরেটসে। কারণ রবিবার আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দশ পয়েন্টে এগিয়ে গিয়েছিল অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। সিটি এই জয়ে সাত পয়েন্ট ব্যবধান আনতে সক্ষম হয়েছে।
রেড ডেভিলরা ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৪৮। সিটি প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠ থেকে সর্বশেষ জয় পেয়েছিল ১৯৭৫ সালের অক্টোবরে। এদিন তাদের খেলায় ছিল দৃঢ়তা ও প্রত্যয়। আর ফলশ্রুতিতে জয় এসেছে। যদিও দুটি দলই একজন করে খেলোয়াড় হারিয়েছে লাল কার্ডের জন্য। আর্সেনালের ডিফেন্ডার লরেন্ট কোসিয়েনলি সিটির এডিন জেকোকে ফাউল করায় ম্যাচের দশ মিনিটে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। দূর্বল হয়ে যায় আর্সেনাল এখানেই। জেকো পেনাল্টি পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। কিন্তু স্বরূপে ফিরে দুটি গোল পেয়ে যায় প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। জেমস মিলনার ও জেকো গোল দুটি করেন। মিলনারের গোলটিতে অবদান রয়েছে কার্লোস তেভেজের। সিটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানি ৭৫ মিনিটে লাল কার্ড পান। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। আর্সেনালের তখন ফেরার সময় নেই বললেই চলে। সিটি সর্বশেষ ছয় লিগ ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে। ফলে ম্যানইউকে পেছনে ফেলতে পারবে এমন আশা করতেই পারে তারা।
অন্যদিকে আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা ধীরে ধীরে মলিন হতে চলেছে। কারণ চতুর্থস্থানে থাকা টটেনহ্যাম থেকে ছয় পয়েন্ট দূরে তারা। আর অবস্থান করছেও ছয়ে।
এর আগে ওল্ড ট্রাফোর্ডে রবিন ফন পার্সি এবং নেমাঞ্জা ভিডিচের গোলে ম্যানইউ ২-১ গোলে লিভারপুলকে হারায়। এই জয়ে ফার্গুসন বাহিনীর শিরোপার আশা আরো দৃঢ় হয়। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় ড্যানিয়েল স্টুরিজ। রেড ডেভিলরা প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল। ম্যাচের ১৯ মিনিটে প্যাট্রিক এভরার সাহায্যে নেদারল্যান্ডসের ফন পার্সি প্রিমিয়ার লিগে নিজের ১৭তম গোলটি করেন। তিনি এখনো লিগে সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় গোলটি আসে ৫৪ মিনিটে ভিডিচের হেড থেকে। তিন মিনিটের মধ্যেই লিভারপুল স্টুরিজের গোলে ব্যবধান কমায়। কিন্তু স্কোরলাইনে এরপর আর কোন পরিবর্তন আসেনি।
রবিবারের ফলাফল : ম্যানচেস্টার ইউনাইটেড ২ লিভারপুল ১। আর্সেনাল ০ ম্যানচেস্টার সিটি ২\