সাংবাদিকরা দলের মুখপাত্র হওয়ায় অধিকারের কথা বলতে পারছেন না
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:০৬
সাংবাদিকদের কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত হয়েছেন অভিযোগ করে প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা বলেছেন, এ কারণে সাংবাদিকদের ওপর নির্যাতন চললেও এরা নৈতিক মনোবল ও অধিকার নিয়ে কথা বলারও সাহস পাচ্ছেন না। প্রয়াত সাংবাদিক নির্মল সেনের স্মরণসভায় সোমবার জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে।
বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কলামিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বিএফইউজে’র অপরাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সাবেক সভাপতি আমানুল্লাহ কবির, ডিইউজের সাবেক সভাপতি মনজুরুল আহ্সান বুলবুল, সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, অপর অংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন প্রমুখ।