তাজরীন ট্র্যাজেডি
ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:০৭
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির নিহত এবং আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নগদ টাকা দেয়া হয়। এদের মধ্যে ৪৯ জন নিহত শ্রমিকের পরিবারকে ১৫ হাজার টাকা এবং আহত ৫৮ জন শ্রমিককে ৫ হাজার করে টাকা দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান চৌধুরী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. মতিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার জানান, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত হওয়া নিহত শ্রমিকদের পরিবারকে আগেই ৫ হাজার টাকা করে দেয়া হয়েছিল। এখন বাকি ১৫ হাজার টাকা এবং আহত শ্রমিকদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
সম্প্রতি আশুলিয়ার নরসিংহপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তোবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনের ১১১ শ্রমিক নিহত ও শতাধিক শ্রমিক আহত হয়। নিহতদের মধ্যে ৪৯ শ্রমিকের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়।