ভোলায় ব্যবসায়ীদের
প্রতিবাদ বিক্ষোভ
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করেছে বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ীরা। ওই সময় তারা সকাল থেকে ৪ ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে। রবিবার ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তরের ঘটনা নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে থানা ভাংচুরের ঘটনায় এসআই মাইনুল বাদী হয়ে ব্যবসায়ীদের জড়িয়ে মামলার প্রতিবাদে ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করে। এদিকে গ্রেফতার আতঙ্কে অনেক ব্যবসায়ী এবং কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রাম বর্তমানে পুরুষ শূন্য।
জানা যায়, ট্রলির চাপায় শনিবার সোহাগ নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। ওই ছাত্রের মা ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে। ভোলা জেলা প্রশাসক ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন মঞ্জুর করেন। কিন্তু থানা পুলিশ ওই নির্দেশ উপেক্ষা করে অধিকতর তদন্তের জন্য ভোলা সদরে লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করে। ওই ঘটনার জের ধরে গ্রামবাসী মিছিল সহকারে বোরহানউদ্দিন থানা ভাংচুর করে।