পৃথক সড়ক দুর্ঘটনায়
নিহত ৯, আহত ৩৩
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। খবর প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ছাতক (সুনামগঞ্জ)
ছাতকে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৫ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের কাইতকোনা এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জন এবং কৈতক হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়। হতাহতরা সকলেই লেগুনার যাত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী লেগুনা (সিলেট-ন-১০৩৮) বিপরীতগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-৮২৪২) মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে আপন দু’ভাই-বোন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের সেলিম আহমদ (৪০) ও কল্পনা বেগম (২৩) মারা যায়। আহতদের কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের রনসি গ্রামের তাজ উদ্দিন (৩৫) ও মামদপুর গ্রামের আব্দুল হান্নান (৫০) মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হেমেন্দ্র (৩৫), মতিন (৪০), আমজাদ (৩০), রাফিজা (৩০), জিল্লুর রহমান (৬০), রহমত আলীসহ (৩০) ৭ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ী দুটি হাইওয়ে পুলিশ আটক করেছে। এদিকে রাতে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রহমতবাগ এলাকায় মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৬৮৫৮) চাপায় ঘটনাস্থলে মারা যায় আজির উদ্দিন (৩২)। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাতারিয়া গ্রামের বাসিন্দা। আজির উদ্দিন মুক্তিরগাঁও গ্রামের কাচা মিয়ার বাড়িতে শ্রমিকের কাজ করত। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নোয়াখালী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকৃত বাসের চাপায় পিষ্ট হয়ে নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার করিমপুর মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী ঘটনাস্থলে নিহত হন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মাওলানা আইয়ুব আলী তার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি নোয়াখালী ইউনিয়নের চর এলাহীতে মটর সাইকেলযোগে যাবার পথে বাস তাকে পিছন থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
পাঁচবিবি (জয়পুরহাট)
গতকাল সোমবার জয়পুরহাটের পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ধুরইল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলাউদ্দিন (৪৫) নামে এক সাইকেল আরোহী মারা গেছে। গোবিন্দগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস পাঁচবিবির আসার পথে পিছন দিক থেকে সাইকেল আরোহী দেবখন্ডা গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে আলাউদ্দিনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়।
মানিকগঞ্জ
সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় বাস-ট াকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বানিয়াজুরী এলাকায় ব্রিজের উপর পাটুরিয়াগামী এনএনবি পরিবহনের একটি বাসের চাকা নষ্ট হয়ে ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ২০ জন আহত হয়। আহতদের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হামেদ আলী (৬০) সদর হাসপাতালে নেয়ার পর মারা যায়।
নেত্রকোনা
নেত্রকোনা- মোহনগঞ্জ সড়কে রবিবার রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় হূদয় (২০) নামে এক যুবক নিহত এবং ২ জন আহত হয়েছে। গুরুতর আহত আলী উছমান এবং খোকনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।