টাঙ্গাইলে মাদকপল্লী
উচ্ছেদে নোটিস
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরে সান্দারপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসন গতকাল রবিবার নোটিস জারি করেছে । সাতদিনের মধ্যে সেখান থেকে অবৈধ স্থাপনা অন্যত্র সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নাসের বেগ জানান, অগ্নিকাণ্ডের পর কেউ কেউ নতুন করে ঘর তোলার চেষ্টা করেছে। পরে রবিবার সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৭৬জনকে নোটিস দেয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে বলা হয়েছে।
কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম জানান, নোটিস দেয়ার আগে দু-একজন ঘর তোলার চেষ্টা করলেও পরবর্তীতে আর কেউ ঘর তুলেনি। অগ্নিকাণ্ডের ঘটনা বা আগের দিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় নতুন কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির বলেন, হামিদপুরের সান্দারপাড়ার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। যাদের বাড়ি-ঘর আগুনে পুড়েছে তাদের বেশির ভাগ অন্যত্র আত্মীয় বাড়ি আশ্রয় নিয়েছে। মাদক ব্যবসায়ীদের মধ্যে যারা সাংবাদিকের উপর হামলা করেছিল তাদের ১৮জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
হামিদপুরে ‘মাদকের হাট’ উচ্ছেদের দাবিতে শনিবার দুপুরে স্থানীয় জনগণ সান্দারপাড়া (সওদাগরপাড়া) বস্তিতে আগুন লাগিয়ে দিলে শতাধিক ঘর পুড়ে যায়।
শুক্রবার সন্ধ্যার পর ৭১টিভির দুই সাংবাদিক ও ক্যামেরাম্যান সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবনের সচিত্র প্রতিবেদন করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা করে। এতে ৭১ টিভি’র সাংবাদিক ফয়সাল আলম, ক্যামেরাম্যান মামুন ও টাঙ্গাইল জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক আহত হন।