মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ

প্রথম দিনে নরসিংদীতে তিন হাজার ফরম পূরণ

বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেছেন, অসাধু আদম ব্যবসায়ী ও দালাল চক্রের হাত থেকে রক্ষার জন্যই সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় মালয়েশিয়া কৃষি শ্রমিক প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ইউনিয়ন পর্যায়ের ই-সেবা কেন্দ্রসমূহে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। যে সকল শ্রমিক ফরম পূরণ করবেন, কেবল তাদের মধ্য থেকেই লটারীর মাধ্যমে শ্রমিক বাছাই করে মালয়েশিয়ায় পাঠানো হবে। তিনি রবিবার জেলার চিনিশপুর ইউনিয়ন কার্যালয়ের ই-সেবা কেন্দ্রে মালয়েশিয়াগামী শ্রমিকদের ফরম পূরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাইয়া বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স প্রমুখ। এদিকে নরসিংদী জেলার ৭২টি ইউনিয়নের প্রায় প্রতিটি ই-সেবা কেন্দ্রেই মালয়েশিয়া গমনেচ্ছুদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। বেসরকারি হিসেব মতে রবিবার প্রথমদিনে কমবেশি ৩ হাজার শ্রমিক ফরম পূরণ করেছে বলে জানা গেছে। তবে সরকারি হিসেব এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ময়মনসিংহে নিবন্ধন শুরু ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহের ১৪৬টি ইউনিয়নের মধ্যে ১১১টি ইউনিয়নে মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার অনলাইন কর্যক্রম শুরু হলেও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটরের অদক্ষতা, বিদ্যুত্ ও ইন্টারনেট সমস্যার কারণে ৩৫টি ইউনিয়নে নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নে নিবন্ধনকারীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ঈশ্বরগঞ্জে ভোগান্তিতে প্রার্থিরা ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ উপজেলার ১১টি ইউনিয়নেই তথ্য সেবা কেন্দ্র থাকলেও দুর্বল নেটওয়ার্কের কারণে স্থানীয় প্রশাসন ১১টি ইউনিয়ন ও পৌরসভাকে ভাগ করে ৬টি কেন্দ্রে কার্যক্রম চালাচ্ছে। ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, নেটওয়ার্কের ঝামেলা হবে ভেবেই ১১টি ইউনিয়ন ও পৌরসভাকে ৬টি স্থানে ভাগ করা হয়েছে। তারপরও সার্ভারের গতি কম থাকায় কিছুটা অসুবিধা হচ্ছে। ফলে রাতেও নিবন্ধন কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীপুরে রেজিস্ট্রেশনে দুর্ভোগ শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ শ্রীপুর পৌরসভায় তথ্য সেবা কেন্দ্র না থাকায় ৯টি ওয়ার্ডের মালয়েশিয়ায় গমনেচ্ছুক প্রার্থীরা ফরম পূরণ করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র জানান, ৪টি ইউনিয়নে শ্রীপুর পৌরসভার প্রার্থীদের রেজিস্ট্রেশন পূরণ করানো হচ্ছে। প্রার্থীরা জানায়, ইউনিয়নে তাদের ঘুরতে ঘুরতে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান জানান, সকাল থেকেই প্রার্থীরা দীর্ঘ লাইন দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রেজিস্ট্রেশন করছে।