সেচ মৌসুম শুরু না হতেই
টাঙ্গাইলে লোডশেডিং
গোপালপুর(টাঙ্গাইল)সংবাদদাতা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
সেচ মৌসুম শুরু না হতেই টাঙ্গাইলের পাঁচ উপজেলায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে। জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-১ টাঙ্গাইলের গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলায় বিদ্যুত্ সরবরাহ করে।
পল্লী বিদ্যুতের আওতায় এখানে গভীর ও অগভীর মিলিয়ে পাঁচ সহস্রাধিক সেচ গ্রাহক এবং ৬৮ হাজার বাণিজ্যিক ও আবাসিক গ্রাহক রয়েছে। পিক আওয়ারে ২৬ মেঘাওয়াট এবং ননপিক আওয়ারে ২২ মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সেখানে পিকআওয়ারে ৬ মেঘাওয়াট এবং নন পিকআওয়ারে ৮ মেঘাওয়াট বিদ্যুত্ সরবরাহ করা হয়। পিডিবির ন্যাশনাল গ্রিড থেকে চাহিদার এক-চতুর্থাংশ বিদ্যুত্ সরবরাহ করায় লোড ম্যানেজমেন্টের মাধ্যমে (এক ফিডার বন্ধ করে আরেক ফিডার চালু) বিদ্যুত্ বিতরণ করায় ২৪ ঘন্টাই পালাক্রমে লোডশেডিং চলে। কোন ফিডারই ২৪ ঘন্টার মধ্যে ৫/৬ ঘন্টার বেশি বিদ্যুত্ পায় না। স্থানীয় কৃষি বিভাগ জানায়, বোরো মৌসুমে কেবল সেচ শুরু হয়েছে। এখনই লোডশেডিংয়ের ধকল শুরু হওয়ায় চাষীরা বেকায়দায় পড়েছে। পল্লী বিদ্যুত্ অফিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।