সদরপুর হাসপাতালে ডাক্তার সংকট

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিত্সক সংকট কাটেনি। বাড়েনি সেবার মান। ২০ বছরের পুরোনো এ্যাম্বুলেন্স দিয়ে চালানো হচ্ছে রোগী পরিবহনের কাজ। নতুন ভবনটি গত ১ বছর যাবত্ উদ্বোধন করা হলেও বিদ্যুত্ সংযোগ আজও পর্যন্ত দেয়া হয়নি। ফলে বিভিন্ন এলাকা থেকে আগত রোগিরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে ১৫ জন চিকিত্সকের পদ থাকলেও কর্মরত চিকিত্সক রয়েছে মাত্র ৯ জন। এর মধ্যে ৪ জনকে ডেপুটেশনে অন্যত্র প্রেরণ করা হয়েছে। ইউপি উপস্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের পোস্টিং দেয়া হয়েছে। টি.এইচ.ও. প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় মাত্র ৪ জন চিকিত্সক জোড়াতালি দিয়ে রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন। জনবল কম থাকায় বিভিন্ন সমস্যায় রোগিরা চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।