মদনে পুলিশের উপর হামলায় পুরুষশূন্য গ্রাম

নেত্রকোনার মদন থানা পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতাকৃত তিন হ্যান্ডকাপ পরা আসামিকে ছিনতাইয়ের পর পুলিশ আলমশ্রী গ্রাম থেকে ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রূপতন, আরজু, হালিম উদ্দিন, রশিদ, কাজিম উদ্দিন, জামাল উদ্দিন, ফেরদৌস খান, হাফিজুল, লিটন ও কাশেম। তবে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামিদের কাউকেই গতকাল সোমবার পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে গ্রেফতারের ভয়ে আলমশ্রী গ্রাম গত রবিবার থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে। মদনের আলমশ্রী গ্রামের বাচ্চু মিয়া এবং লুত্ফর রহমানের সাথে পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। একটি পুলিশ টিম ঘটনাস্থলে যায় এবং উভয় গ্রুপের তিন জনকে আটক করে হ্যান্ডকাপ পরা অবস্থায় থানায় নিয়ে যাবার সময় বেবুল মেম্বারের লোকজন রামদা, লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং আসামিদের ছিনিয়ে নেয়। থানার ওসি মাহবুবুর রহমান জানান, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত সোমবার ইত্তেফাকের ১১ পাতায় মদন পুলিশের উপর হামলা শীর্ষক এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়।