চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ১৯ বছর পর স্বপদে পুনঃবহাল
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:০৪
দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ। নিয়োগের তিন বছর পর ১৯৯৫ সালে তার অভিজ্ঞতা সনদ সঠিক নয় উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহকে সাময়িক বরখাস্ত করে। দশ বছরের অভিজ্ঞতা সনদপত্র অবশেষে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিস কর্তৃক তদন্ত করে সঠিক ছিল বলে রিপোর্ট দেয় এবং পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু তারপরও চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাকে স্বপদে বহাল করেনি। এরপর অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহ হাইকোর্টের শরণাপন্ন হন। হাইকোর্টও বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত বহাল রাখেন।
এরপর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত উচ্চ আদালতে রিট পিটিশনের মাধ্যমে স্থগিত করে। পরবর্তীতে ঐ রিট পিটিশনের দীর্ঘ শুনানিশেষে গত বছরের ২০ মার্চ রিট খারিজ করে দেন এবং বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত বহাল রাখেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও অধ্যাপক মুহম্মদ শহীদুল্লাহকে প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ার নির্দেশ জারি করে। সিটি কর্পোরেশন পুনরায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। সুপ্রিম কোর্টও তাদের আপিল গ্রহণ না করে ফেরত দেন। এর ফলে সিটি কর্পোরেশন গত রবিবার তাকে স্বপদে পুনঃনিয়োগ প্রদান করে।