উইলিয়াম ও কেটের ঘরে নতুন অতিথির আগমন জুলাইয়ে

আগামী জুলাই মাসে ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি আসছে। গতকাল সোমবার সেন্ট জেমস’স প্যালেস ঘোষণা দিয়েছে, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ উপাধীপ্রাপ্ত কেটের (ক্যাথেরিন এলিজাবেথ মিডলটন) সন্তান আগামী জুলাই মাসে ভূমিষ্ঠ হতে পারে। খবর সিএনএনের। প্যালেসের মুখপাত্র বলেন, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ জুলাইয়ে সন্তান আসার বিষয়টি নিশ্চিত করতে পেরে আনন্দিত। ডাচেস অব ক্যামব্রিজ কেট গত মাসে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জানা যায়, তাদের ঘরে নতুন অতিথি আসছে। কবে তার জন্ম হবে তা নিয়ে ব্রিটিশ মিডিয়ার আগ্রহের কমতি ছিল না। সেন্ট জেমস’স প্যালেস রাজপরিবারের নতুন অতিথির আগমনের তারিখ ঘোষণার পর সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। কেটকে ৩ ডিসেম্বর লন্ডনের পঞ্চম কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিন রাত হাসপাতালে কাটানোর পর ৬ ডিসেম্বর ছাড়া পান তিনি। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।