সরকার সাংবিধানিক ও আইনের শাসনে বিশ্বাসী নয়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকার অধ্যাপক মুজিবুর রহমানকে গ্রেফতার করে প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক ও আইনের শাসনে বিশ্বাসী নয়। গতকাল সোমবার অধ্যাপক মুজিবুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেলিম উদ্দীন বলেন, মুজিবুর রহমানসহ আটক জামায়াতের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আমরা মনে করছি সরকার জামায়াত ধ্বংসের নীলনকশার অংশ হিসাবেই একের পর এক নেতাকে গ্রেফতার করে চলেছে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়ন চালাচ্ছে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হারুন-অর-রশীদ, আবদুল কাইয়ুম মজুমদার, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।