রাজধানীতে ছিনতাইয়ের কবলে বেসরকারি ভার্সিটি কর্মকর্তা

রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা একরাম হোসেন ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী একরাম হোসেন জানান, রবিবার রাত পৌনে ১১টার দিকে নিউমার্কেট থেকে রিকশায় বাড়ি ফেরার সময় কলাবাগান ক্লাবের সামনে একটি মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী তার ব্যাগ টেনে নিয়ে পালিয়ে যায়। ঐ ব্যাগে তার ক্রেডিট কার্ড, ব্যাংকের একাউন্ট কার্ডসহ মূল্যবান জিনিস ছিল। এদিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে রবিবার রাতে ছিনতাই করার সময় হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জহুরুল ইসলাম ওরফে মিলন, দিলীপ হাসান ও মাজাহারুল ইসলাম ওরফে ইমরান ওরফে বাপ্পি। গ্রেফতারকৃতরা স্নিগ্ধা নামে এক মহিলাকে চাপাতির মুখে জিম্মি করে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। এ সময় পুলিশের এসআই আমিনুল ইসলাম তাদের ধাওয়া করে গ্রেফতার করে।